আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইউজিসি নেট দর্শনে সর্বভারতীয় প্রথম অনন্যা কোলে – পূর্ব বর্ধমানের মেয়ের ঐতিহাসিক সাফল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাহানুই গ্রামের মেয়ে অনন্যা কোলে ভারতের উচ্চশিক্ষার মানচিত্রে এক বিরল নজির স্থাপন করলেন। ইউজিসি নেট ডিসেম্বর ২০২৫ পরীক্ষায় দর্শন বিষয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তিনি।

৩০০ নম্বরের মধ্যে ২৪০ নম্বর পেয়ে অনন্যা অর্জন করেছেন শতকরা ১০০ পারসেন্টাইল স্কোর। এই অসাধারণ ফলাফলের মাধ্যমে তিনি জেআরএফ (জুনিয়র রিসার্চ ফেলোশিপ) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যই তাঁর পরিচয়। অনন্যা স্নাতক ও স্নাতকোত্তর – উভয় শিক্ষাই সম্পন্ন করেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ২০২৪ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়েই দর্শন বিভাগে পিএইচডি গবেষণার কাজে নিয়োজিত রয়েছেন এই মেধাবী ছাত্রী।

অনন্যার এই অসামান্য সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত তাঁর পরিবার ও পরিচিত মহল। বাবা সুদেব কোলে, মা অতসী কোলে এবং দাদা অভিরূপ কোলে—সকলেই মেয়ের এই কৃতিত্বে ভীষণ আনন্দিত।

এই সাফল্যের খবর পেয়ে শুভেচ্ছা জানাতে অনন্যার গ্রামের বাড়িতে পৌঁছে যান বিশিষ্ট সমাজসেবী জগবন্ধু রায়। তিনি অনন্যাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। শুভেচ্ছা স্বরূপ তাঁর হাতে তুলে দেন স্বামী বিবেকানন্দের বই ও পুষ্পস্তবক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সুমিতবাবুও।

গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে সর্বভারতীয় স্তরে এমন সাফল্য অর্জন করে অনন্যা কোলে প্রমাণ করে দিলেন—মেধা, অধ্যবসায় আর নিষ্ঠাই সাফল্যের আসল চাবিকাঠি। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মের বহু ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে—এমনটাই মনে করছেন শিক্ষামহল।

See also  বিপুল পরিমাণে সোনার বিস্কুট কালো পলিথিনের ব্যাগ সহ বিএসএফের হাতে আটক ছাত্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি