উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আবার এস আই আর আতঙ্কে মৃত্যু জয়নগরে।এবার নাকে অক্সিজেনের নল লাগিয়ে হিয়ারিংয়ে,আর এস আই আর আতঙ্কেই মৃত্যু জয়নগরে এক বৃদ্ধের, অভিযোগ পরিবারের।২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি জয়নগরের ঠাকুরচকের বাসিন্দা, সেই আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।রাজ্যে এস আই আরের জন্য এনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়ে গেছে । চলছে শুনানি-পর্ব।রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায়ই এস আই আরের শুনানিতে ডাক পাওয়ার পরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে।আর তার মধ্যেই এ বার আরও এক বৃদ্ধের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি জয়নগর বিধানসভার বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের উওর ঠাকুরচকের বাসিন্দা নাজিতুল মোল্লা (৬৮)।এস আই আরের আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।পরিবার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকার উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা নাজিতুল। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন বৃদ্ধ। অসুস্থ হয়ে পড়ায় ২০শে ডিসেম্বর তাঁকে প্রথমে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এর মধ্যেই ৩১ ডিসেম্বর নাজিতুলকে শুনানির জন্য ডেকে পাঠিয়ে নোটিস দেওয়া হয়। তখন পরিবারের সদস্যরা হাসপাতালের বন্ডে সই করে বাড়িতে নিয়ে আসেন।৩১ শে ডিসেম্বর অসুস্থ অবস্থায় নাকে অক্সিজেনের নল লাগিয়েই জয়নগর ২ নং ব্লক অফিসের শুনানি কেন্দ্রে হাজির হন নাজিতুল।শুনানির পরে বাড়িতে ফিরে আসেন তিনি।এর পরেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় ২রা জানুয়ারি তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, SIR পর্বের শুরু থেকেই আতঙ্কে ছিলেন নাজিতুল। ২০০২-এর তালিকায় নাম না থাকায় চরম দুশ্চিন্তায় ছিলেন। তার ফলেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের, এমনই দাবি পরিবারের। জয়নগরের বি ই আর এল শিক্ষক শাহাবুদ্দিন শেখ বলেন, ‘নির্বাচন কমিশনের SIR নামক ষড়যন্ত্রের কারণে বাংলার একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে। এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।’








