“মনে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব”—এই কথাটিকে জীবনে বাস্তবে প্রমাণ করে চলেছেন পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের সেহারার শ্রীধর এলাকার বাসিন্দা বিশাখা শীল।
অর্থের অভাব থাকলেও মানবসেবার ইচ্ছেটাই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। স্বামীকে সঙ্গে নিয়ে ছোট একটি চায়ের দোকান চালিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন বিশাখা দেবী। সেই দোকানের আয় থেকেই একটু একটু করে টাকা জমিয়ে, সপ্তাহে একদিন—প্রতি বুধবার—নিজের হাতে রান্না করা খাবার নিয়ে ছুটে যান মসাগ্রাম এলাকায়।
সেখানে রেললাইনের পাশে ও আশপাশে থাকা অসহায়, দরিদ্র মানুষদের মুখে তুলে দেন ভালোবাসার খাবার। শুধু খাবারই নয়, মাঝে মাঝেই তিনি তাঁদের জন্য নিয়ে যান পোশাক, প্রয়োজনীয় সামগ্রী। নিজের কষ্টার্জিত উপার্জন থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁর জীবনের ব্রত।
এতটুকুতেই থেমে থাকেননি বিশাখা শীল। মানবিকতার আরেক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ইতিমধ্যেই দু’জন অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে সফলভাবে সম্পন্ন করেছেন।
চায়ের দোকানের আড়ালে লুকিয়ে থাকা এই মহান হৃদয়ের মানুষটি প্রমাণ করে দিয়েছেন—মানবসেবা করতে বড় সম্পদের দরকার হয় না, দরকার শুধু বড় মন।
পূর্ব বর্ধমান জেলা-র এই গর্বিত কন্যা আজ অনেকের কাছেই অনুপ্রেরণার নাম।
আমাদের কৃষক সেতু নিউজ বাংলা-র পক্ষ থেকে মানবতার এই সৈনিক বিশাখা শীল ও তাঁর পরিবারকে রইল অনেক অনেক শুভেচ্ছা, সম্মান ও কৃতজ্ঞতা।







