কৃষক সেতু:- পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া এলাকায় শুক্রবার রাতে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম হয়েছেন।
মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তির নাম তুফান চৌধুরী। তিনি বর্তমানে কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, বেআইনিভাবে বোমা বাঁধার কাজ চলার সময়েই এই বিস্ফোরণ ঘটে।
ঘটনার পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণের অভিঘাতে পাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ রাত সাড়ে নটা নাগাদ আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুফান চৌধুরীর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করেননি। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।












