শিক্ষার স্বার্থে ও শিক্ষকদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে সরকারের পাশে থাকার বার্তা নিয়ে কলকাতায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে আয়োজিত মহামিছিলে যোগ দিতে রওনা হয় খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী ও সমর্থকরা সংগঠিতভাবে কলকাতার উদ্দেশে রওনা দেন।
এই শুভ যাত্রার নেতৃত্বে ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। যাত্রাপথে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়াকে সমর্থন জানাতেই আমরা এই মহামিছিলে শামিল হচ্ছি। রাজ্য সরকার সবসময় শিক্ষক সমাজের পাশে রয়েছে। আমরাও সরকারের পাশে থেকে শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাব”।
এদিন শিক্ষক নেতা অনাবিল ইসলাম বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্র ও শিক্ষক সমাজের উন্নয়নে যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন, আমরা তার পূর্ণ সমর্থন জানাই। শিক্ষকদের সম্মান, নিরাপত্তা ও স্বার্থরক্ষায় এই মহামিছিল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে”।
দলীয় সূত্রে জানা গেছে, খণ্ডঘোষ ব্লক থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী, সমর্থক ও শিক্ষক প্রতিনিধি এই মহামিছিলে অংশগ্রহণ করেন।








