উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর : সোনারপুর থানার কোদালিয়ায় সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএমের অভিযোগ,একদল বিজেপি কর্মী বাইকে করে এসে তাঁদের পার্টি অফিসে হামলা চালিয়ে চেয়ার, টেবিল-সহ একাধিক আসবাবপত্র ভাঙচুর করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টার কেউ বা কারা ছিঁড়ে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ, বিষয়টি নিয়ে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় কয়েকজন এবং সিপিএম নেতৃত্বের বচসা শুরু হয়।পরে পরিস্থিতি সাময়িক ভাবে শান্ত হলেও কিছুক্ষণ পর ফের কয়েকজন বিজেপি নেতা কর্মী এলাকায় ফিরে আসেন বলে অভিযোগ।সিপিএমের দাবি, এরপরই তাঁদের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানো হয়। পার্টি অফিসের চেয়ার, টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ বামেদের। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে।
সিপিএমের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।যদিও গোটা ঘটনায় বিজেপির পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট দায় স্বীকার করা হয়নি।বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন যোদ্দার বলেন, “ঘটনাটি শুনেছি। তবে সবটা না জেনে কিছু বলা যাবে না।”ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে পুলিশ নজর রাখছে। পোস্টার ছেঁড়া এবং পরবর্তী ভাঙচুরের ঘটনায় কারা জড়িত,তা খতিয়ে দেখছে পুলিশ।










