আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপি কার্যালয়ে নিয়ে গিয়ে সিপিএম নেতাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৩ অগস্ট: দলীয় কর্মীদের উপর হামলা এবং এক সিপিএম নেতাকে জোর করে বিজেপি কার্যালয়ের ভিতরে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই অভিযোগে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএমের বর্ধমান শহর-৪ এরিয়া কমিটি। অভিযোগে দিব্যেন্দু কুমার সাহা, রাজেন্দ্র কুমার সাহা-সহ কয়েক জন বিজেপি কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।


সিপিএমের অভিযোগ, বৃহস্পতিবার সকাল সওয়া ১০টা নাগাদ ধীরাজ মহাপাল কলেজ মোড় সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয় সংক্রান্ত একটি বিষয় নিয়ে পুলিশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব ধীরাজ মহাপাল, এরিয়া কমিটির সদস্য প্রদীপ মজুমদার-সহ কয়েক জন কর্মী। সেই সময় কয়েক জন বিজেপি কর্মীর সঙ্গে তাঁদের বচসা বাধে বলে অভিযোগ।
এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি সিপিএমের। অভিযোগ, সিপিএমের স্থানীয় নেতা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কয়েক জন বিজেপি কর্মী জড়ো হয়ে বাড়িটি ঘেরাও করেন এবং গালিগালাজ করতে থাকেন। সেখানেই ৬০ বছরের বেশি বয়সি প্রদীপ মজুমদারের গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ।

তাঁকে রক্ষা করতে ধীরাজ এগিয়ে গেলে তাঁর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগপত্রে দাবি করেছে সিপিএম। সিপিএমের আরও অভিযোগ, ধীরাজকে মারধর করতে করতে জোর করে স্থানীয় বিজেপি কার্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ফের তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে দলের কর্মীরা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হামলায় ধীরাজের হাত-পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয় বলে দাবি সিপিএমের। ঘটনার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

See also  প্রবল গতিতে আসা যাত্রীবোঝাই বাস উল্টে গেল রাজ‍্য সড়কের উপরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি