কলকাতা, নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন ওয়েব পোর্টাল ‘আপনার সরকার আপনার পাশে’ চালু করল রাজ্য সরকার। এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে (CMO) নিজেদের অভিযোগ বা সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্যা জানাতে পারবেন।

রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা হলে এখন আর দফতরের দ্বারস্থ হতে হবে না। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করা যাবে। কীভাবে অভিযোগ জানাবেন? প্রথমে মুখ্যমন্ত্রীর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Raise Grievance’ অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর, OTP ও ক্যাপচা ভেরিফিকেশনের মাধ্যমে লগ-ইন করতে হবে।
পরবর্তী ধাপে আবেদনকারীর নাম, ঠিকানা, জেলা, থানা এবং বিধানসভা কেন্দ্রের তথ্য দিয়ে অভিযোগের বিস্তারিত বিবরণ জমা করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট নথিও আপলোড করা যাবে। বিকল্প যোগাযোগের ব্যবস্থা অনলাইন পোর্টালের পাশাপাশি নাগরিকরা সরাসরি 8282082820 নম্বরে ফোন করে অথবা [email protected] ই-মেলের মাধ্যমে নিজেদের অভিযোগ বা সমস্যা জানাতে পারবেন।
রাজ্য সরকারের মতে, নাগরিক পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনমুখী করে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পোর্টাল চালুর ফলে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং তার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।









