কল্যাণ দত্ত :-ভোটের রেজাল্ট বের হবার পরেই হয়তো লাইন ধরে তৃণমূল থেকে বিজেপিতে আসতেন অনেকেই। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট তাতে আপত্তি জানিয়েছিলেন। ভোটের রেজাল্ট বের হবার প্রায় ২০ দিন পরে এবার ধীরে ধীরে বিজেপির দরজা খোলা হতে পারে। ভোটের ফল ঘোষণার পরই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, এখনই অন্য দলের কাউকে বিজেপিতে নেওয়া হবে না। তাহলে কবে বিজেপি তাদের দরজা খুলবে?

আর তৃণমূল থেকে কারা সেই দরজা পেরিয়ে বিজেপির ঘরে ঠাঁই পাবে? এই জল্পনা জবাব দিলেন শমীক। তৃণমূলের কাদের বিজেপিতে নেওয়া হবে, তা স্পষ্ট করে দিলেন। বিজেপির রাজ্য সভাপতি ভালোই বুঝতে পারছেন, অন্য দল থেকে এখন বিজেপিতে আসতে চাইছেন অনেকেই। রাজ্য বিজেপির সভাপতি বলেন, “তৃণমূলের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীতে ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি। কিংবা মুখ খুলে তাঁরা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তাঁরা কড়া নাড়লে তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কখন আসতে হবে, আর কখন কড়া নাড়তে হবে”।
তার মানে কি বিজেপি ভালো তৃণমূলকে স্বাগত জানাচ্ছে আর খারাপ তৃণমূলকে নয়? প্রশ্ন শুনে শমীক বলেন, “ভালো-খারাপ ঠিক করার মালিক কি আমি? ভালো-খারাপ বলে কিছু হয় না, এতো রামকৃষ্ণ বলে গিয়েছেন, সারদাদেবীও বলে গিয়েছেন। ভালো-খারাপের প্যারামিটার ঠিক করার মালিক তো আমরা নয়। আমার চোখে তো সবই ভালো”।











