উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বসিরহাট,মিনাখাঁ, ক্যানিং এর পর এবার গরু চুরির ঘটনা ঘটলো জয়নগরে।বাড়ির মধ্যে থেকে চার চাকা গাড়ি করে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জয়নগরে।জয়নগর থানার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে গরু নেই। আশপাশে খোঁজাখুঁজি করে তিনি গরু না পেয়ে দুশ্চিন্তায় পড়েন।

এরপর তিনি প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান। সিসিটিভি ফুটেজে তিনি দেখেন, গভীর রাতে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতি এসে বাড়ির ভিতর থেকেগরুটিকে বের করে ওই জাইলো গাড়িতে তুলে নিয়ে চলে যায়। চার চাকা গাড়িতে এই গরু চুরির ঘটনায় অবাক হয়ে যান এলাকার মানুষ।প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে।স্থানীয় মানুষজন বলেন,গাড়ি এনে যদি গরু তুলে নিয়ে যেতে পারে,তাহলে এলাকায় এরপর ক্রাইম করা ও দুষ্কৃতির পক্ষে অসাধ্য কিছু নয়।আমাদের নিরাপত্তা কে দেবে।
আর এই খবর জয়নগর থানায় জানালে তৎক্ষনাৎ ঘটনাস্থলে চলে আসে জয়নগর থানার পুলিশ টিম। সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করে কর্তব্যরত পুলিশ আধিকারিক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি হাওড়া জেলার। সিসি টিভির ফুটেজের গুরুত্ব দিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।তবে এভাবে গাড়ি নিয়ে বাড়ির ভিতর থেকে গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে হরিনারায়নপুর সহ জয়নগর থানা এলাকার মানুষ।পুলিশী নজরদারী আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ জন।












