কৃষ্ণ সাহা, রায়না :-বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকে এক বর্ণাঢ্য সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়। রায়নার শ্যামসুন্দরে বিধায়ক সুভাষ পাত্রের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন রায়না থানার ওসি নিমাই ঘোষ ও রায়না এক ব্লকের জয়েন বিডিও অনিরুদ্ধ সাহা ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাধারণ মানুষ এবং প্রশাসনিক আধিকারিকরা।

রায়না-১ বিডিও অফিস প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। এরপর সাইকেল আরোহীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় বিডিও অফিসে ফিরে আসেন। বিশ্ব সাইকেল দিবসের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক সুভাষ পাত্র বলেন, বর্তমানে সারা বিশ্বে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে সাইকেলের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রীও সাইকেল ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, নিয়মিত সাইকেল চালালে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায়। পাশাপাশি মানসিক চাপ হ্রাস পেয়ে মানুষ আরও কর্মক্ষম ও সুস্থ জীবনযাপন করতে পারে।
বিধায়ক আরও জানান, প্রতিদিন অন্তত আধঘণ্টা সাইকেল চালানোর অভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকল বয়সের মানুষকে দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে উৎসাহিত হওয়ার আহ্বান জানান। এই সচেতনতামূলক সাইকেল র্যালির মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পরিবহণ ব্যবস্থার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতি কর্মসূচিকে আরও সফল করে তোলে।







